৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতল ১২ ইয়ার্স আ
স্লেভ। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে তারকাখচিত সন্ধ্যায় আয়োজিত হল এই
গৌরবময় বর্ণাঢ্য অনুষ্ঠান। স্টিভ ম্যাককুইন পরিচালিত এই ছবি দাসত্বের
যন্ত্রণা ও কাহিনী বর্ণনা করেছে। “বিশ্বের প্রতিটি মানুষ শুধু অস্তিত্ব
রক্ষার জন্য নয়, বাঁচার জন্য বাঁচার দাবিদার। আজও যারা দাসত্বের অভিশাপে
জর্জরিত, তাঁদের সবার জন্যই এই সম্মান।” পুরস্কার জিতে এ কথা বলেন
ম্যাককুইন।
ডালাস বায়ার্স ক্লাবের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ম্যাথিউ
ম্যাককনাগে। ব্লু জেসমিন ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর খেতাব
জিতলেন কেট ব্ল্যাঞ্চেট৷ তবে সবথেকে বেশি বিভাগে পুরস্কার জিতে অস্কারের
মঞ্চে এবার জয়জয়কার মহাকাশের গল্প নিয়ে নির্মিত থ্রি-ডি মুভি গ্র্যাভিটি।
এই ছবির পরিচালক অ্যালফোনসো কুয়রোঁ পেলেন সেরা পরিচালকের সম্মান। এছাড়া
সিনেমাটোগ্রাফি, ভিস্যুয়াল এফেক্টস, ফিল্ম এডিটিং, সাউন্ড এডিটিং, সাউন্ড
মিক্সিং এবং অরিজিনাল স্কোরে সেরা হল গ্র্যাভিটি৷
মেকআপ ও হেয়ারস্টাইলিংয়ের জন্য সেরার পুরস্কার গিয়েছে ডালাস বায়ার্স
ক্লাবের ঝুলিতে৷ সেরা সহ অভিনেতা হয়েছেন জারেড লেটো৷ সেরা সহ অভিনেত্রী
লুপিতা নিয়ং৷ সেরা পোশাক পরিকল্পনা ও সেরা শিল্প নির্দেশনার জন্য পুরস্কার
পেল দ্য গ্রেট গ্যাটসবি৷ বিদেশি ছবির বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে
ইতালির দ্য গ্রেট বিউটি। সেরা শর্ট ফিল্মের পুরস্কার পেল হিলিয়াম।


No comments for: "অস্কারে সেরা ছবি ‘১২ ইয়ার্স আ স্লেভ’, ৭টি পুরস্কার গ্র্যাভিটির"
Leave a Reply