জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ ২০১৪-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এ বছরও সৌদি সরকার বাংলাদেশ থেকে ২০ শতাংশ হজযাত্রী কমিয়েছে। এ হিসেবে এবার সরকারিভাবে ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জনসহ মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাবেন। হেরেম শরীফের সংস্কার কাজের জন্য গত বছরও ২০ শতাংশ কম হজযাত্রী সৌদি আরব গিয়েছিলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পবিত্র হেরেম শরিফের ব্যাপক সংস্কারকাজ চলছে। এই কাজ চলবে ২০১৫ সাল পর্যন্ত। সে পর্যন্ত সীমাবদ্ধতা রাখবে সৌদি সরকার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছর সরকারি হজ প্যাকেজ দুটি। প্রথম প্যাকেজে একজন হজযাত্রীর খরচ হবে কোরবানি ছাড়া ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ হবে কোরবানি ছাড়া ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। কোরবানির জন্য আলাদাভাবে ৫০০ রিয়াল লাগবে। সচিব আরো জানান, বেসরকারি হজ প্যাকেজ সরকারি প্যাকেজের চেয়ে কম হতে পারবে না। যারা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন, তাদেরকে নিজের খরচে বাড়ি বা হোটেলে থাকতে হবে।


No comments for: "হজে যেতে পারবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন"
Leave a Reply