স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গাজীপুরের উপজেলা নির্বাচনে যারা অবৈধভাবে অস্ত্র শোডাউন করেছে তারা কেউই আইনের । ঊর্ধ্বে নয়।
রবিবার বিকেল সোয়া ৪টায় রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, গত শনিবার গাজীপুরের উপজেলা নির্বাচনে যারা অবৈধভাবে অস্ত্র শোডাউন করেছে তারা কেউই আইনের ঊর্ধ্বে নয় বরং ইতিমধ্যেই তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো যারা রয়েছে তাদেরও গ্রেপ্তার করা হবে। কিছু দিন আগে আদালতের কাঠগড়া থেকে চার জনের পালিয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়। বরং তারা জামিনে ছিলেন। আর তারা যদি সঠিক সময়ে ফিরে না আসে তাদের গ্রেপ্তার করা হবে। সম্প্রতি কিশোরগঞ্জ ও বগুড়ায় সোনালী ব্যাংকে পরপর দুটি ডাকাতি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, এগুলো সুক্ষ্মভাবে তদন্ত করা হবে। এর সঙ্গে যে বা যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই কিশোরগঞ্জের সোনালী ব্যাংকে ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের সফলতা আপনারা দেখেছেন। ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ে এখন পর্যন্ত একজন নয় বরং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত বাকি যারা রয়েছে অনুসন্ধান করে তাদেরও গ্রেপ্তার করা হবে।


No comments for: "কেউই আইনের ঊর্ধ্বে নয়, শাস্তি হবেই : স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী "
Leave a Reply