অগ্রণী ব্যাংক নারী সম্মাননা’ পেলেন বিশিষ্ট তিন ব্যক্তিত্ব। তারা হলেন, বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার এবং বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, বীরপ্রতীক। অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে তাদের এক লাখ টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া আয়েশা ফাউন্ডেশনের পক্ষ থেকে তারামন বিবি ও নিশাত মজুমদারকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান তাদের হাতে সম্মননা তুলে দেন। অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী প্রাপ্ত এক লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দান করার ঘোষণা দেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রূপসী বাংলায় অগ্রণী ব্যাংক নারী সম্মাননা ২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘দেশের নারীরা আর পিছিয়ে থাকবে না। আমাদের নারীরা তাদের মনোবল, শক্তি আর সাহসকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন, ভবিষ্যতেও পারবেন ।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের সহজশর্তে ও কমসুদে ঋণের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলের ১৫ শতাংশ অর্থ তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত বছর ৪১ হাজার ৬৯৫ জন নারী উদ্যোক্তাকে ৩৩৬৪ কোটি টাকা এসএমই ঋণ দিয়েছে। এ ঋণ আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।
এই ঋণ নারীর মুক্তি, নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম বলেন, ‘দেশে নারীর ক্ষমতায়নে প্রথম দরকার শিক্ষা। যার মাধ্যমে দেশের রাজনীতি, অর্থনীতিসহ সব ক্ষেত্রে সমান অবদান রাখবেন। নীতি নির্ধারণে তারা অংশগ্রহণ করবেন।’ ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আজকের এই সম্মননা শুধু আমার একার নয়, এটা দেশের সব নারীর। তারামন বিবিরা যুদ্ধ না করলে আজ আমরা দেশ পেতাম না, স্পিকার হতে পারতাম না। সমাজে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করতে পুরুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।’ বীরপ্রতীক তারামন বিবি মুক্তিযুদ্ধের স্মৃতির বর্ণনা দেন। তিনি বলেন, ‘আমরা সোনার বাংলার জন্য যুদ্ধ করেছি আমি চাই দেশ যেন সোনার মতোই থাকে।’ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ এবং বিভিন্ন ব্যাংকের নির্বাহী পরিচালকবৃন্দ।


No comments for: "সম্মাননা পেলেন ৩ বিশিষ্ট নারী"
Leave a Reply